ময়মনসিংহের ভালুকার রানদিয়া গ্রামে জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হয়েছেন অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা। পারিবারিক সূত্রে জানা গেছে, শেষ বিদায়েও উপস্থিত ছিলেন না তার স্বামী যাহের আলভী।
রোববার (১ মার্চ) বাদ আসর নানাবাড়ির পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন আফরা ইবনাত ইকরা।
জানা গেছে, নেপাল থেকে আলভীর ফিরে আসার অপেক্ষায়ই বিকেল ৫টায় জানাজার সময় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে দাফন সম্পন্ন হয়ে গেলেও তিনি উপস্থিত হননি। এ নিয়ে জানতে মেসেঞ্জারে যোগাযোগ করা হলে কল কেটে দেন এই অভিনেতা।
এদিকে, ইকরার মৃত্যুর ঘটনায় তার স্বামী যাহের আলভী, অভিনেত্রী ইফফাত আরা তিথি এবং আলভীর পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মামলা করেছেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ। এর মধ্যে অভিনেতার মাকেও আসামি করা হয়েছে।
দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে স্বামীর পরকীয়া ও অমানুষিক নির্যাতনের অভিযোগ সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইকরার ব্যক্তিগত চ্যাট ফাঁস হয়। এর পর থেকেই বিষয়টি ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভী ও ইকরা। তাদের সংসারে রিজিক নামের এক পুত্রসন্তান রয়েছে।


