ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগে কোরআন শরীফ-জায়নামাজ-সেলাই মেশিন বিতরণ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৮:২৭ পিএম
ছবি- সংগৃহীত

পবিত্র মাহে রমজান ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর বাংলা মটর বিশ্বসাহিত্য কেন্দ্রে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ করেছে দিয়ামনি ই কমিউনিকেশন। মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টায় দিয়ামনি ই কমিউনিকেশন আয়োজিত অনুষ্ঠানে কোরআনের হাফেজদের মাঝে কোরআন শরীফ ও জায়নামাজ এবং নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন ও স্বপ্নজয়ী সম্মাননা-২০২৬ প্রদান করা হয়।

দিয়ামনি ই কমিউনিকেশনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্বর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সঞ্চালনা করেন হিরা সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী রফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার কমান্ডার, ‘হাল ছেড়োনা বন্ধু’ প্রতিষ্ঠাতা চন্দা মাহজাবীন এবং রায়াস গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন শুভ প্রমুখ।

দিয়ামনি ই কমিউনিকেশন দীর্ঘদিন ধরে উদ্যোক্তাদের কল্যাণে কাজ করে যাচ্ছে। গতানুগতিক প্রথার বাইরে গিয়ে সংগঠনটি উদ্যোক্তাদের দক্ষ করে তুলতে ‘ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্কশপ’ প্রকল্পের মাধ্যমে সারা দেশে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি উদ্যোক্তাদের জন্য ফ্রি স্টল মেলার আয়োজন, নিপীড়িত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং নারীদের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

অনুষ্ঠানে বক্তব্যে সংগঠনটির চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব বলেন, দিয়া আমার একমাত্র সন্তান ছিল। মহান আল্লাহ তায়ালা আমাদের ১৫ বছর আগে তাকে উপহার হিসেবে দিয়েছিলেন। আবার তিনিই তাকে নিজের কাছে ফিরিয়ে নিয়েছেন। আমার কোনো কষ্ট নেই। আপনারা সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

তিনি আরও বলেন, যারা অর্থের অভাবে লেখাপড়া করতে পারে না, তাদের পাশে থাকবে দিয়ামনি ই কমিউনিকেশন। আমার সন্তান দিয়া যেন আমাদের ভালো কাজের মধ্য দিয়েই সবার মাঝে বেঁচে থাকে।

এ সময় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ১২ জন নারী উদ্যোক্তাকে ‘স্বপ্নজয়ী সম্মাননা–২০২৬’ প্রদান করা হয়। তারা হলেন- ভাবনা আহমেদ-সিনিয়র নিউজ প্রেজেন্টার, এটিএন বাংলা; উজমা হাসান-সিনিয়র নিউজ প্রেজেন্টার, এটিএন নিউজ; ক্যামেলিয়া নিশান-অভিনেত্রী ও নারী উদ্যোক্তা; ফারহানা তৃনা-সিনিয়র নিউজ প্রেজেন্টার, বাংলা ভিশন; বারিশা হক-শ্রেষ্ঠ ইনফ্লুয়েন্সার; রোকসানা নিহা-উদ্যোক্তা; কাজী ফারহানা-স্বত্বাধিকারী ও প্রধান নির্বাহী, ফারহানা'স বিউটি স্লিপ মেকআপ এন্ড হেয়ার কালার এক্সপার্ট।