রাজধানীর গুলশানে পথচারীকে মারধরের ঘটনায় রুশ-বাংলা মডেল মনিকা কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (১১ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস তাকে এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।
নোটিশে এ ধরনের অশালীন কন্টেন্ট বানানো থেকে তাকে বিরত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে ওই কন্টেন্ট ফেসবুক থেকে সরিয়ে নিতে বলা হয়েছে। এছাড়াও রুশ-বাংলা মডেল মনিকা কবিরের বাংলাদেশ অবস্থান ও ওয়ার্ক পারমিট ও বৈধ ভিসা আছে কিনা, তাও উপস্থাপন করতে বলা হয়েছে।
নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা না নিলে তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন অধ্যাদেশ ১৯৭৬, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ ও বাংলাদেশ দণ্ডবিধির ১৮৬০ ধারা অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর গুলশানে এক পথচারীকে মারধরের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন রুশ-বাংলা মডেল মনিকা কবির। এ ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে তীব্র আলোচনা-সমালোচনার মুখে পড়েন তিনি।
ভিডিওতে দেখা গেছে, মনিকা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভিডিও ধারণ করছিলেন। ওই সময় এক পথচারী তার কাছাকাছি দূরত্ব দিয়ে যাওয়ার সময় তার দিকে তাকান। এতে ক্ষিপ্ত হয়ে মডেল মনিকা ওই ব্যক্তিকে মারধর শুরু করেন। পরে তাকে হাসিমুখে উড়ন্ত চুমু দিতে দেখা যায়।
অভিযোগ উঠেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই ভিডিওটি আপলোড করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন