বাংলা সংগীতের প্রয়াত পাঁচ কিংবদন্তিকে নিয়ে ঈদের বিশেষ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন সংগীতশিল্পী আগুন। ‘স্মৃতির সুর’ নামের এই অনুষ্ঠানে তিনি তুলে ধরেছেন ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু, পপসম্রাট আজম খান, মাইলসের শাফিন আহমেদ, চাইম ব্যান্ডের ভোকাল খালিদ এবং লালনসম্রাজ্ঞী ফরিদা পারভীনের গল্প। নাজমুল আলম রানার প্রযোজনা ও পরিচালনায় নির্মিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন পাঁচ শিল্পীর অগ্রজ, অনুজসহ তাদের দীর্ঘদিনের সহকর্মীরা।
অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর পর্বে অতিথি হয়েছেন রেনেসাঁ ব্যান্ডের প্রধান নকীব খান ও এলআরবির সদস্য রোমেল। আজম খানকে নিয়ে কথা বলেছেন ফেরদৌস ওয়াহিদ ও লাবু রহমান। শাফিন আহমেদকে নিয়ে স্মৃতিচারণ করেছেন তার ভাই মাইলস ব্যান্ডের হামিন আহমেদ এবং ফিডব্যাক ব্যান্ডের সদস্য ফুয়াদ নাসের বাবু।
খালিদের পর্বে অতিথি হয়েছেন শিল্পী পথিক নবী ও গীতিকবি তরুণ মুন্সি। এছাড়া ফরিদা পারভীনের পর্বে উপস্থিত হয়েছেন শিল্পী শফি মন্ডল ও চন্দনা মজুমদার। অনুষ্ঠানের প্রতিটি পর্বে প্রয়াত শিল্পীদের নিয়ে গল্প-আড্ডার পাশাপাশি গাওয়া হয়েছে তাদের জনপ্রিয় সব গান।
দীর্ঘদিন পর অনুষ্ঠান উপস্থাপনা প্রসঙ্গে আগুন বলেন, মাঝে মধ্যেই সঞ্চালনার প্রস্তাব আসে। কিন্তু নতুনত্ব পাই না বলেই সম্মতি জানাই না। তবে ‘স্মৃতির সুর’ অনুষ্ঠানটির পরিকল্পনা আমার খুবই ভালো লেগেছে। এই আয়োজনে আমাদের পাঁচ কিংবদন্তি শিল্পীকে নিয়ে আলোচনা হয়েছে, তাদের গান গাওয়া হয়েছে। সত্যি বলতে, আয়োজনটি উপস্থাপনা করতে গিয়ে আইয়ুব বাচ্চু, আজম খান, শাফিন আহমেদ, খালিদ এবং ফরিদা পারভীনকে যেন আমি নতুন করে আবিষ্কার করেছি। আমার বিশ্বাস, এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকরাও প্রয়াত এই কিংবদন্তিদের নতুন করে চিনবে ও জানবে।
জানা গেছে, ঈদের দিন থেকে পরবর্তী পাঁচ দিন প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত প্রচার হবে ‘স্মৃতির সুর’।


