বেশ কয়েক দিন ধরে চিত্রতারকা শাকিব খানকে ঘিরে আলোচনায় রয়েছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। রাজধানীর একটি সিনেপ্লেক্সে ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনীকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে, তখনই এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
শুরুতে এ বিষয়ে নীরব থাকলেও শেষ পর্যন্ত মুখ খুলেছেন জ্যোতির্ময়ী। তিনি বলেন, ‘বিষয়টা খুব বাজেভাবে ছড়ানো হচ্ছে। সেখানে প্রচণ্ড ভিড় ছিল, আমরা ঠিকমতো দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। তখন মিডিয়া থেকেই বলা হয়, শাকিব খানের সঙ্গে আমার আর ফারিণের ছবি তুলতে। সেই মুহূর্তে তিনি আমাদের গার্ড করেছিলেন।’
তিনি আরও বলেন, ‘ঘটনাটিকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, তা বাস্তবতার সঙ্গে মিলছে না। মিডিয়ার সামনে যেভাবে বিষয়টি অতিরঞ্জিত করা হচ্ছে, তা সত্যিই হতাশাজনক।’
সম্প্রতি ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে অভিনেতা শাকিব খানের পাশে দাঁড়িয়ে ছিলেন ‘প্রিন্স’ সিনেমার দুই নায়িকা জ্যোতির্ময়ী ও তাসনিয়া ফারিণ। সেখানে শাকিবের কিছু আচরণ নিয়ে নেট দুনিয়ায় বিতর্ক তৈরি হয়, এমনকি ‘অস্বস্তি’ ও ‘ব্যাড টাচ’-এর অভিযোগও তোলেন কেউ কেউ। তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করেছেন জ্যোতির্ময়ী।
নায়কের আচরণে তিনি অস্বস্তি বোধ করেছিলেন কি না এমন প্রশ্নের জবাবে জ্যোতির্ময়ী স্পষ্টভাবে বলেন, অস্বস্তির কোনো প্রশ্নই ওঠে না। এত ভিড় ছিল যে দাঁড়ানোই কঠিন হয়ে পড়েছিল। সহশিল্পী হিসেবে একজন আরেকজনকে প্রটেক্ট করাটাই স্বাভাবিক।

