বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আর এই উৎসবের আমেজকে আরও রঙিন করতে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন দর্শকপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। ‘কোথায় যেন’ শিরোনামের এই বিশেষ গানটিতে তার সঙ্গী হয়েছেন শিল্পী বিনতি।
গানটির কথা লিখেছেন গীতিকবি শাহান কবন্ধ। বরাবরের মতোই এর সুর ও সংগীত পরিচালনার দায়িত্ব সামলেছেন বাপ্পা মজুমদার নিজেই। বৈশাখী আমেজ ও আধুনিকতার মেলবন্ধনে গানটি তৈরি করা হয়েছে।
গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, “পহেলা বৈশাখের আবহকে মাথায় রেখেই ‘কোথায় যেন’ গানটি সাজানো হয়েছে। আশা করছি, শ্রোতারা গানটির মধ্যে ভিন্ন এক আবেদন খুঁজে পাবেন এবং এটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।”
গানটির মিউজিক ভিডিওতে দেখা যাবে ছোটপর্দার বর্তমান সময়ের জনপ্রিয় জুটি পার্থ শেখ ও আইশা খানকে। রাজ ইসলামের পরিচালনায় ভিডিওটি প্রযোজনা করেছে হোয়াইট ক্লাউড পিকচার্স।
পুরান ঢাকার ঐতিহ্যবাহী ও নান্দনিক বিভিন্ন লোকেশনে গানটির চিত্রায়ন করা হয়েছে। ভিডিওর পরতে পরতে উঠে এসেছে শহরের পুরোনো স্মৃতি, অনুভূতি আর ভালোবাসার এক মায়াবী চিত্র।
গানের যন্ত্রসংগীতে গিটার ও রিদমে ছিলেন স্বয়ং বাপ্পা মজুমদার এবং বেজ গিটারে সঙ্গ দিয়েছেন জন এস মুন্সী। বিএমজি ওয়ার্কস্টেশন স্টুডিওতে গানটির রেকর্ডিং, মিক্সিং ও মাস্টারিং করেছেন সৈয়দ আমজাদ হোসেন বাপ্পী।
নির্মাণ প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, গানটি শিল্পী বিনতির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাচ্ছে। নববর্ষের আবহে বাপ্পা ও বিনতির এই নতুন রসায়ন শ্রোতামহলে কেমন সাড়া ফেলে, এখন সেটাই দেখার অপেক্ষা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন