শাকিরার কণ্ঠে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’র টিজার প্রকাশ পেয়েছে। দীর্ঘ এক যুগের বিরতি ভেঙে আবারও বিশ্বকাপের সংগীতের মঞ্চে ফিরলেন এই ল্যাটিন পপ তারকা।
শুক্রবার (৮ মে) আয়োজক সংস্থার পক্ষ থেকে নেটদুনিয়ায় প্রকাশ করা হয় ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের থিম সংয়ের প্রথম ঝলক। এরপরই গানটি নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
‘দাই দাই’ গানের মাধ্যমে তৃতীয়বারের মতো বিশ্বকাপের অফিসিয়াল সংগীতে কণ্ঠ দিলেন শাকিরা।
২০১০ সালের FIFA World Cup 2010–এ ‘Waka Waka (This Time for Africa)’ গান দিয়ে বিশ্বজুড়ে সাড়া ফেলেছিলেন তিনি। পরে ২০১৪ সালের ফিফা বিশ্বকাপের ‘La La La (Brazil 2014)’ গেয়ে আবারও দর্শকদের মাতান।
এরপর ১২ বছরের বিরতি শেষে এবার ২০২৬ সালের বিশ্বকাপের থিম সং নিয়ে ফিরলেন শাকিরা।
এবারের গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ান আফ্রোবিটস তারকা Burna Boy। দুই ভিন্ন সংস্কৃতির শিল্পীকে একত্র করে বিশ্বকাপের আবেগ, বৈচিত্র্য ও বৈশ্বিক ঐক্যের বার্তা তুলে ধরার চেষ্টা করেছেন আয়োজকরা।
আগামী ১১ জুন উত্তর আমেরিকায় শুরু হবে FIFA World Cup 2026–এর আসর, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। ৪৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপকে ঘিরে উন্মাদনা বাড়াতে আগামী ১৪ মে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে ‘দাই দাই’র পূর্ণাঙ্গ সংস্করণ।

