ঢাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে টানা সন্ধ্যা ৬টা পর্যন্ত।
নির্বাচনে আগামী দুই বছরের জন্য সমিতির নতুন নেতৃত্ব বেছে নিতে ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছেন চলচ্চিত্র অঙ্গনের শিল্পীরা। তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য এক ঘণ্টার বিরতি রাখা হয়েছে।
এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি প্যানেলের মধ্যে। একটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন শিবা শানু ও জয় চৌধুরী। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্যানেলে রয়েছেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি।
নির্বাচনে অংশ নেওয়া উভয় প্যানেলই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। সম্প্রতি অনুষ্ঠিত প্যানেল পরিচিতি অনুষ্ঠানে দুই পক্ষের নেতারা নির্বাচিত হলে শিল্পীদের অধিকার, কল্যাণ এবং সমিতির সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নির্বাচনকে ঘিরে এফডিসি এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ সদস্যদের পাশাপাশি র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রয়েছেন কামাল মো. কিবরিয়া লিপু এবং বি. এইচ. নিশা।
অন্যদিকে নির্বাচন-পরবর্তী যেকোনো আপিল বা বিরোধ নিষ্পত্তির জন্য গঠিত আপিল বোর্ডে দায়িত্ব পালন করছেন ছটকু আহমেদ, কাজী হায়াৎ এবং বাদল খন্দকার।
চলচ্চিত্র অঙ্গনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে ঘিরে শিল্পীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন হলে নতুন নেতৃত্বের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন