বলিউড পাড়ায় বইছে আনন্দের হাওয়া। দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ পেলেন জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর। গত রোববার (২৯ মার্চ) এক ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তার মাধ্যমে সোনম ও তার স্বামী আনন্দ আহুজা এই সুখবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।
সোনম তার পোস্টে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন যে, নতুন এই অতিথির আগমনে তাদের পরিবার এখন পূর্ণতা পেয়েছে। বড় ভাই বায়ু তার ছোট ভাইকে স্বাগত জানাতে মুখিয়ে আছে। চার সদস্যের পরিবার হিসেবে জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে পেরে নিজেদের ধন্য মনে করছেন এই তারকা দম্পতি।
সোনমের এই ঘোষণার পরপরই সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় ভাসছেন তারা। কারিনা কাপুর খান দম্পতিকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘অভিনন্দন সোনম ও আনন্দ!’ এ ছাড়া রিয়া কাপুর, হুমা কুরেশিসহ বি-টাউনের অনেক তারকা হার্ট ইমোজি দিয়ে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অনিল-কন্যা সোনম। এরপর ২০২২ সালের আগস্টে তাদের কোল আলো করে আসে প্রথম সন্তান বায়ু। গত বছর (২০২৫) নভেম্বরে দ্বিতীয়বার মা হতে যাওয়ার খবরটি প্রথম প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। চার বছর পর আবারও নতুন সদস্যের আগমনে কাপুর ও আহুজা—উভয় পরিবারেই এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

