বিশ্বজুড়ে খ্যাতি আর আকাশছোঁয়া জনপ্রিয়তা থাকলেও ব্যক্তিজীবনে শাহরুখ খান যে কতটা অমায়িক, তার আরও একটি প্রমাণ মিলল। মুম্বাইয়ে নিজের আইকনিক বাংলো ‘মান্নাত’ এ সংস্কারকাজ চলায় বর্তমানে পালি হিলসের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে অস্থায়ীভাবে থাকছেন কিং খান। আর এই নতুন ঠিকানায় বাদশার আচরণে মুগ্ধ খোদ বাড়ির মালিক ও অভিনেতা জ্যাকি ভাগনানি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যাকি ভাগনানি শাহরুখের প্রশংসা করে জানান, সুপারস্টার হিসেবে নয়, একজন মানুষ হিসেবে শাহরুখ অতুলনীয়। জ্যাকি বলেন, ‘শাহরুখ স্যারের ব্যবহারকে যদি নম্বর দিতে হয়, তবে আমি দশে এগারো দেব। ওনার মতো বড় মনের মানুষ বর্তমান সময়ে বিরল।’
তিনি আরও যোগ করেন, শাহরুখ যখন কারো সাথে কথা বলেন, তখন সামনের মানুষটি অনুভব করেন যে তিনিই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। স্টারডমের কোনো অহংকার তাকে স্পর্শ করেনি, বরং সাধারণ ও বিনয়ী আচরণ দিয়েই তিনি সবাইকে আপন করে নেন।
জানা গেছে, পালি হিলসের ওই ভবনের চারটি ফ্লোর লিজ নিয়েছেন শাহরুখ। এই ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টটির জন্য তাকে প্রতি মাসে গুনতে হচ্ছে প্রায় ২৪ লাখ রুপি। এখানে তার পরিবারের পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তাকর্মী এবং অফিসের কর্মীরাও অবস্থান করছেন।
২০২৩ সালটি ছিল শাহরুখের ক্যারিয়ারের অন্যতম সফল বছর। তার অভিনীত ‘পাঠান’ (১,০৫৫ কোটি+ রুপি) এবং ‘জওয়ান’ (১,১৬০ কোটি রুপি) বক্স অফিসে ইতিহাস গড়েছে। সর্বশেষ গত ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘ডাঙ্কি’ বিশ্বজুড়ে আয় করে প্রায় ৪৫৪ কোটি রুপি।
ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার পরবর্তী প্রজেক্ট ‘কিং’ সিনেমার জন্য। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই ছবিতে শাহরুখের সাথে দেখা যাবে তার মেয়ে সুহানা খানকে। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চন। এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় প্রথমবার বাবা-মেয়ের রসায়ন দেখতে পাবেন দর্শকরা।


