ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কাশ্মীরের একটি স্কুলে ১ কোটি টাকা অনুদান দিলেন অক্ষয় কুমার

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: মে ২৩, ২০২৬, ১০:২১ এএম
অক্ষয় কুমার। ছবি : সংগৃহীত

জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী একটি সরকারি স্কুলে ১ কোটি টাকা অনুদান দিয়ে আবারও মানবিকতার নজির গড়লেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এর আগেও বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সাহায্যের হাত বাড়িয়েছেন তিনি। এবার সেই তালিকায় যোগ হলো নতুন এক উদাহরণ।

জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজ উপত্যকার প্রত্যন্ত সীমান্ত গ্রাম নেরু তুলাইলে অবস্থিত একটি সরকারি স্কুলের নতুন ভবন নির্মাণে এই অনুদান দিয়েছেন অভিনেতা।

২০২১ সালে বিএসএফের আমন্ত্রণে সীমান্তে কর্মরত জওয়ানদের সঙ্গে দেখা করতে কাশ্মীরে গিয়েছিলেন অক্ষয় কুমার। সে সময় তিনি উত্তর কাশ্মীরের এই গ্রাম পরিদর্শন করেন এবং স্কুলটির বেহাল অবস্থা ও শিক্ষার্থীদের নানা সমস্যার কথা জানতে পারেন।

স্কুলটির দুরবস্থা দেখে তিনি ১ কোটি টাকা অনুদানের ঘোষণা দেন। পাঁচ বছর পর নিজের সেই প্রতিশ্রুতি পূরণ করলেন অভিনেতা।

অক্ষয়ের অনুদানে নির্মিত নতুন ভবনের নাম রাখা হয়েছে ‘শ্রী হরি ওম ভাটিয়া এডুকেশন ব্লক’। অভিনেতার প্রয়াত বাবা হরি ওম ভাটিয়ার স্মৃতিতে এই নামকরণ করা হয়েছে।

নতুন ভবনে আধুনিক শ্রেণিকক্ষ, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি এবং শিক্ষকদের জন্য আলাদা অফিস কক্ষ রাখা হয়েছে। পাশাপাশি মিড-ডে মিল প্রকল্পের সুবিধাও উন্নত করা হয়েছে।