ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চিত্রনায়ক রিয়াজের মৃত্যু নিয়ে নতুন তথ্য দিলেন স্ত্রী তিনা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৩:০৮ পিএম
স্ত্রী তিনার সঙ্গে অভিনেতা রিয়াজ। ছবি : সংগৃহীত

হঠাৎ করে গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ আহমেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি হয়। তবে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকেও জানানো হয়েছে, তারা এ ধরনের কোনো খবর পাননি।

এ বিষয়ে বুধবার (২৪ ডিসেম্বর) রাতে রিয়াজের পরিবারের সঙ্গে যোগাযোগ করে একটি গণমাধ্যম। সেখানে অভিনেতার স্ত্রী তিনা এমন খবরকে গুজব বলে উড়িয়ে দেন। তিনি জানান, এ ধরনের খবর একেবারেই সত্য নয়। এটা সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব। রিয়াজ যেখানে আছেন, ভালো আছেন।

এরপরও রিয়াজের মৃত্যুর বিষয়টি নিয়ে খটকা থেকেই যায়। কারণ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই আত্মগোপনে তিনি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কেউই জানেন না এই নায়কের বর্তমান অবস্থান। গুঞ্জন উঠেছে, পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন এই অভিনেতা। সেখানেই মারা গেছেন তিনি।

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সেরা নায়কদের একজন রিয়াজ। এক সময়ের ব্যস্ত এই অভিনেতা অনেক বছর ধরে অভিনয়ে অনিয়মিত। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ক্ষমতার আগ পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে বেশ সরব ছিলেন তিনি। বেশ কয়েকবার তাকে বর্তমানে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি শেখ হাসিনার সফর সঙ্গী হতেও দেখা গেছে।

আওয়ামী লীগের সাংস্কৃতিক উপকমিটির সদস্য ছিলেন রিয়াজ। দলের নানা সাংস্কৃতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন, বক্তৃতা দিয়েছেন। ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বিপক্ষে অবস্থান নিয়ে বিটিভি ও এফডিসির মানববন্ধনের নেতৃত্বে ছিলেন রিয়াজ। আলোচিত ‘আলো আসবেই’ গ্রুপেও বেশ সক্রিয় ছিলেন তিনি। 

‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান রিয়াজ। ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর রিয়াজ অভিনীত সর্বশেষ ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি মুক্তি পায়। এরপর আর নতুন কাজে তার দেখা মেলেনি।