নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী ক্যারিয়ারের প্রথম দুটি সিনেমায় কোনো পারিশ্রমিক পাননি। তৃতীয় সিনেমায় প্রথমবারের মতো তিনি পারিশ্রমিক পেয়েছিলেন।
ওমর সানীর প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘চাঁদের আলো’ মুক্তি পায় ১৯৯২ সালের ৩১ জুলাই। একই বছরের ৯ অক্টোবর মুক্তি পায় তার দ্বিতীয় সিনেমা ‘এই নিয়ে সংসার’। এই দুই সিনেমাতেই তিনি বিনা সম্মানীতে কাজ করেন। শুধু তা-ই নয়, প্রথম সিনেমার আউটডোর শুটিংয়ে তিনি জেনারেটর ও অন্যান্য মালামাল বহনকারী গাড়িতে করেই যাতায়াত করেছিলেন।
এ বিষয়ে ওমর সানী বলেন, ‘এ ধরনের সংগ্রাম একজন শিল্পী করতেই পারে। সত্যিকারের অভিনেতা হতে হলে আমিসহ আরও অনেকেই এমন অনেক কিছু বিনা বাক্যব্যয়ে করেছি। কারণ সংগ্রাম ছাড়া প্রকৃত শিল্পী হওয়া যায় না।’
ক্যারিয়ারের তৃতীয় সিনেমা ‘অগ্নিপথ’-এ প্রথমবারের মতো পারিশ্রমিক পান ওমর সানী। সেই সিনেমার জন্য তিনি পেয়েছিলেন ৬০ থেকে ৭০ হাজার টাকা। ওই টাকা দিয়েই তিনি সিনেমার কস্টিউম কিনেছিলেন।
নিজের অভিনয়জীবনের এমন নানা নেপথ্যের গল্প ওমর সানী শেয়ার করেছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর দ্বিতীয় মৌসুমের সপ্তম পর্বে। এই বিশেষ পর্বটি প্রচারিত হবে শনিবার, ১৭ জানুয়ারি, রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ।
রুম্মান রশীদ খানের সঞ্চালনায় দীর্ঘ এই পডকাস্টে ওমর সানী আরও বলেন, তিনি মরণোত্তর কোনো পুরস্কার চান না। তার ভাষায়, যে সম্মান জীবদ্দশায় পাওয়া যায় না, সেটা মৃত্যুর পর পেয়ে লাভ কী?’
পডকাস্টে চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে সংসারজীবন, সংগীতশিল্পী আসিফ আকবরের সঙ্গে দ্বন্দ্বসহ নানা বিষয়ে খোলামেলা কথা বলেছেন ওমর সানী।
‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

