ঢালিউড কিং শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিন্স’ এবং চিত্রনায়ক সিয়াম আহমেদের ‘রাক্ষস’ ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে। ফলে এই দুই তারকা ঈদে বক্স অফিসে সরাসরি মুখোমুখি লড়াই করবেন।
ভারতীয় একটি গণমাধ্যমের প্রশ্নের জবাবে সিয়াম আহমেদ বলেন, যদি কেউ মনে করে আমি শাকিব খানের সমতুল্য, তাহলে দায়িত্বটা আরও বেড়ে গেল। ঘষেমেজে নিজেকে আরও ভালো তৈরি করতে হবে। তবে আসলে আমি এমন কোনো প্রতিযোগিতার চেষ্টা করি না। শাকিব ভাই ২৬ বছর ধরে বাংলাদেশের বিনোদন দুনিয়াকে কাঁধে নিয়ে বয়ে চলেছেন। তার সমতুল্য হওয়া সহজ নয়, আর সেই চেষ্টাও করি না। বরং নিজের কাজটা করি।
ঈদে সিনেমা মুক্তির বিষয়ে সিয়াম আরও বলেন, ঈদ আমাদের বড় উৎসব। এ সময় সবার সেরা কাজগুলো পর্দায় জায়গা করে নেয়। শাকিব ভাইয়ের সঙ্গে আমিও জায়গা পাই, এটি ভেবেই আনন্দ লাগে।
শাকিব খানের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্নে সিয়াম বলেন, শাকিব ভাইয়ের সঙ্গে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। নিজের সঙ্গে নিজের প্রতিদ্বন্দ্বিতা কাজ করে। দর্শক নতুন সিনেমা কতটা ভালোবাসল, তাদের নতুন কী দিতে পারলাম, আগের সিনেমা থেকে নিজেকে কতটা নিয়ে যেতে পারলাম এটাই মূল বিষয়।
সিয়ামের নতুন সিনেমা ‘রাক্ষস’ বিনোদনধর্মী। এতে রোমান্স থেকে অ্যাকশন সবই আছে। দর্শক সুস্মিতা চ্যাটার্জির সঙ্গে তার রোম্যান্স উপভোগ করতে পারবেন। সিয়াম নিশ্চিত করেছেন, কোনোভাবেই দর্শককে হতাশ করতে চান না।


