মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি ও তাদের পরিবারের সম্পদের বিবরণী প্রকাশ করেছে। প্রকাশিত তালিকায় দেখা গেছে, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সম্পদ কমলেও তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার মোট সম্পদ এক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
তালিকা অনুযায়ী, ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট পরিসম্পদ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। এক বছরের মধ্যে তা বেড়ে ২০২৫ সালের ৩০ জুন দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ এক বছরে তার সম্পদ বৃদ্ধি পেয়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা।
অন্যদিকে, মোস্তফা সরয়ার ফারুকীর সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা, যা ২০২৫ সালের ৩০ জুন কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা।
এ ছাড়া প্রকাশিত তালিকায় দেখা গেছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সম্পদ কমেছে প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা। আর পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সম্পদ কমেছে ১৬ লাখ ৩৫ হাজার টাকা।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের ভিত্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা নীতিমালা অনুযায়ী ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখের এই সম্পদের হিসাব প্রকাশ করা হয়েছে। যদিও হিসাব এক অর্থবছরের জন্য প্রকাশ করা হয়েছে, তবে উল্লেখযোগ্য বিষয় হলো জুলাই গণঅভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার এখনো বহাল রয়েছে।
ধারণা করা হচ্ছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর উপদেষ্টা পরিষদ দায়িত্ব হস্তান্তর করবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন