অস্ট্রেলিয়ার পর এবার উত্তর আমেরিকা ও ইউরোপের বড় পর্দায় জায়গা করে নিচ্ছে ঈদুল ফিতরের আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। আগামী ৩ এপ্রিল থেকে কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মোট ৫২টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেতে যাচ্ছে তানিম নূর পরিচালিত এই চলচ্চিত্রটি।
সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রু সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে যে, মুক্তির প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের ৩৮টি, কানাডার ১০টি এবং যুক্তরাজ্যের ৪টি সিনেমা হলে প্রদর্শিত হবে এটি।
চেইন শপের এইদেশ গুলির প্রেক্ষাগৃহ মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি।
১/ এএমসি (যুক্তরাষ্ট্র), ২১টি
২/ রিগ্যাল (যুক্তরাষ্ট্র), ১৪টি
৩/ সিনেপ্লেক্স (কানাডা), ১৫টি
৪/ সিনেমার্ক (যুক্তরাষ্ট্র), ২টি
৫/ সিনে ওয়ার্ল্ড (যুক্তরাজ্য), ৪টি
৬/ শোকেস (যুক্তরাষ্ট্র), ১টি
উল্লেখ্য যে, পরিচালকের আগের কাজ ‘উৎসব’-এর তুলনায় এই সিনেমাটি ১৫টি প্রেক্ষাগৃহ বেশি পেয়েছে। এছাড়া আগামী ১০ এপ্রিল থেকে লস অ্যাঞ্জেলেস, কানেক্টিকাট ও অস্টিনসহ আরও ৪টি শহরে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই সিনেমার মূল প্রেক্ষাপট একটি ট্রেনযাত্রা। রেলভ্রমণের সমান্তরালে যাত্রীদের ব্যক্তিগত জীবনের নানা ঘাত-প্রতিঘাত ও সম্পর্কের গল্প ফুটে উঠেছে এখানে। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ একঝাঁক তারকা শিল্পী।
বিদেশের মাটিতে সিনেমাটির এই যাত্রা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পরিচালক তানিম নূর বলেন, “দর্শকদের কাছ থেকে প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পাচ্ছি। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের দর্শকদের কাছে আমাদের কাজ পৌঁছে দেওয়াটা সত্যিই অনেক আনন্দের বিষয়।”


