জনপ্রিয় নির্মাতা তানিম নূর পরিচালিত এই সিনেমাটি প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে উত্তর আমেরিকায় ৪ লাখ ডলার আয়ের এলিট ক্লাবে প্রবেশ করেছে। ছবিটির আন্তর্জাতিক পরিবেশক ‘স্বপ্ন স্কেয়ারক্রো’-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব নিশ্চিত করেছেন যে, মুক্তির প্রথম ১৭ দিনেই সিনেমাটির গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৪ লাখ ১ হাজার ডলার। এর মাধ্যমে জনপ্রিয় সিনেমা ‘হাওয়া’-র লাইফটাইম আয়ের রেকর্ডকেও পেছনে ফেলে দিয়েছে এই তারকাবহুল চলচ্চিত্র।
উত্তর আমেরিকার সিনেমা বাজারে একের পর এক ইতিহাস সৃষ্টি করছে বাংলাদেশি চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’। কানাডা ও যুক্তরাষ্ট্রের দর্শকদের মাত করে দিয়ে মুক্তির মাত্র ১৭ দিনেই সিনেমাটি এমন এক মাইলফলক স্পর্শ করেছে, যা এর আগে কোনো বাংলাদেশি সিনেমা অর্জন করতে পারেনি।
সাধারণত মুক্তির প্রথম সপ্তাহের পর সিনেমার আয় কমতে থাকলেও ‘বনলতা এক্সপ্রেস’-এর ক্ষেত্রে চিত্রটি ভিন্ন। মুক্তির তৃতীয় সপ্তাহেও এটি রেকর্ড ৪০ হাজার ডলার আয় করেছে। বর্তমানে উত্তর আমেরিকার ২১টি প্রেক্ষাগৃহে দাপটের সাথে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।
বুড়িগঙ্গা টকিজ ও হইচই প্রোডাকশন প্রযোজিত এই সিনেমাটিতে একঝাঁক দাপুটে অভিনয়শিল্পী কাজ করেছেন। কেন্দ্রীয় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর এবং শরীফুল রাজ। এছাড়াও আছেন শ্যামল মাওলা, আরেফিন জিলানী, লাবণ্য চৌধুরী ও মাশাসহ আরও অনেকে।
চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, ‘বনলতা এক্সপ্রেস’-এর এই বিশ্বজয় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি সিনেমার জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। গল্পের বুনন আর শক্তিশালী অভিনয় থাকলে বিদেশের মাটিতেও যে বাংলা সিনেমা ব্যবসায়িক সাফল্য পেতে পারে, এই অর্জন তারই প্রমাণ।


