মেজবাউর রহমান সুমন পরিচালিত চলচ্চিত্র ‘রইদ’ এবার যুক্তরাষ্ট্রের জাতীয় সম্প্রচারমাধ্যম ন্যাশনাল পাবলিক রেডিও’র (এনপিআর) রিভিউয়ের জন্য নির্বাচিত হয়েছে। এর মাধ্যমে প্রথম বাংলাদেশি বাংলা চলচ্চিত্র হিসেবে আমেরিকার এই প্রভাবশালী ব্রডকাস্ট প্ল্যাটফর্মে স্থান পেল ‘রইদ’।
ছবিটির উত্তর আমেরিকার পরিবেশক বায়োস্কোপ ফিল্মস জানায়, বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন প্রেক্ষাগৃহে ‘রইদ’ প্রদর্শিত হচ্ছে। এটি প্রতিষ্ঠানটির ৫৫তম আন্তর্জাতিক পরিবেশনা। প্রতিবছরের মতো এবারও তারা চলচ্চিত্রটিকে আন্তর্জাতিক বিভিন্ন স্বীকৃতি ও অস্কার মনোনয়নের প্রক্রিয়ায় এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে।
জানা গেছে, এনপিআরের প্রায় এক হাজার স্টেশনে নিয়মিতভাবে বিশ্বের আলোচিত চলচ্চিত্র নিয়ে আলোচনা ও সমালোচনা প্রচার করা হয়। চলচ্চিত্রের বিষয়বস্তু, নির্মাণশৈলী ও প্রেক্ষাপট মূল্যায়ন করে নির্বাচিত সিনেমাগুলোই এই রিভিউ প্ল্যাটফর্মে স্থান পায়। সেই বিবেচনায় ‘রইদ’কে রিভিউয়ের জন্য নির্বাচিত করা হয়েছে, যা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, প্রতিবছরই তারা একটি বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক সর্বোচ্চ প্ল্যাটফর্মে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, ‘এই পথ সহজ নয়, তবে অসম্ভবও নয়। ‘রইদ’কে আমেরিকার জাতীয় রেডিওতে রিভিউয়ের জন্য নির্বাচিত হওয়া আমাদের জন্য বড় অর্জন।
নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, ছবিটি আমি ভালোবাসা ও মমতা থেকে নির্মাণ করেছি। এটি ধীরে ধীরে বিভিন্ন দর্শকের কাছে পৌঁছেছে। একজন নির্মাতা হিসেবে আমেরিকার জাতীয় রেডিওতে একটি বাংলাদেশি চলচ্চিত্র নিয়ে দীর্ঘ সময় আলোচনা হবে—এটি অবশ্যই আনন্দের।
‘রইদ’ চলচ্চিত্রের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। এ ছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন অভিনেতা গাজী রাকায়েত। ছবিটি প্রযোজনা করেছে বঙ্গ ও ফেসকার্ড।
চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, এনপিআরের মতো আন্তর্জাতিকভাবে প্রভাবশালী প্ল্যাটফর্মে একটি বাংলাদেশি চলচ্চিত্রের স্থান পাওয়া বিশ্বদরবারে দেশের চলচ্চিত্র শিল্পের পরিচিতি ও সম্ভাবনাকে আরও শক্তিশালী করবে।

