ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

অভাবের কাছে হার মানেনি স্বপ্ন, ভর্তিচ্ছু ছাত্রীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৫:৪৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত হয়ে পড়া এক মেধাবী ছাত্রীর পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক। তার ব্যক্তিগত অর্থ সহায়তায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া ওই শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ আবারও উন্মুক্ত হয়েছে।

জানা যায়, সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে বাংলা বিভাগে ভর্তির সুযোগ পান ওই ছাত্রী। তবে চরম আর্থিক সংকটের কারণে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি ফি পরিশোধ করতে না পারায় তার শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়ে।

বিষয়টি জানতে পেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক ব্যক্তিগত উদ্যোগে তার ভর্তির অর্থ প্রদান করেন। রোববার (২৮ জুন) মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় অর্থ পাঠানো হয়, যাতে সোমবার (২৯ জুন) নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত ওই ছাত্রী বলেন, ভর্তির টাকা জোগাড় করতে না পেরে চরম দুশ্চিন্তায় ছিলেন। তার ভাষায়, ‘মনে হচ্ছিল বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন হয়তো আর পূরণ হবে না। ঠিক সেই সময়ে তারিক ভাই আমার পাশে দাঁড়িয়েছেন। তার এই সহযোগিতা শুধু ভর্তি হওয়ার সুযোগই করে দেয়নি, নতুন করে স্বপ্ন দেখার সাহসও দিয়েছে।’

এ বিষয়ে মো. তরিকুল ইসলাম তারিক বলেন, ‘রাজনীতির ঊর্ধ্বে মানবিকতা। গাইবান্ধার এক ছাত্রনেতার মাধ্যমে জানতে পারি, টাকার অভাবে মেয়েটি ভর্তি হতে পারছে না। পরে তার সঙ্গে কথা বলে বিষয়টির সত্যতা নিশ্চিত হই। একজন মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ শুধুমাত্র অর্থের অভাবে থেমে যাক, এটি মেনে নেওয়া যায় না। তাই ব্যক্তিগত উদ্যোগেই তার ভর্তির সম্পূর্ণ দায়িত্ব নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘রাজনীতির প্রকৃত উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়ানো। সমাজের সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন থেমে থাকবে না।’

এই সহায়তার মাধ্যমে শুধু একজন শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগই নিশ্চিত হয়নি, বরং মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক দৃষ্টান্তও স্থাপিত হয়েছে।

যেখানে রাজনীতি নিয়ে নানা নেতিবাচক আলোচনা হয়, সেখানে একজন ছাত্রনেতার এমন নীরব মানবিকতা প্রমাণ করে—মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই রাজনীতির প্রকৃত সৌন্দর্য নিহিত।