দেশের পর্যটন শিল্পের শীর্ষ বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।
রোববার (২৮ জুন) টোয়াব কার্যালয়ে আয়োজিত দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ (হ্যান্ডওভার-টেকওভার) অনুষ্ঠানে সদ্য সাবেক সভাপতি মো. রাফেউজ্জামান নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হানিফের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
অনুষ্ঠানে টোয়াবের সাবেক ও নবনির্বাচিত পরিচালক, সংগঠনের সদস্য এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হানিফ ভোটার ও সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের পর্যটন শিল্পের উন্নয়ন, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পর্যটনের প্রসার, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং টোয়াবকে আরও গতিশীল ও আধুনিক সংগঠন হিসেবে গড়ে তুলতে নতুন পরিচালনা পর্ষদ আন্তরিকভাবে কাজ করবে।
তিনি আরও বলেন, পর্যটন খাতের টেকসই উন্নয়ন, নীতিগত সহায়তা বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং সদস্যদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধিকে নতুন নেতৃত্ব অগ্রাধিকার দেবে।
বিদায়ী সভাপতি মো. রাফেউজ্জামান নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সংগঠনের ধারাবাহিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সকল সদস্যের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গত ১৬ জুন রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়। রোববারের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
নির্বাচনে সাধারণ ভোটারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে মোহাম্মদ হানিফ নির্বাচিত হন। এ ছাড়া প্রথম সহ-সভাপতি সৈয়দ শাফাত উদ্দিন আহমেদ তমাল, সহ-সভাপতি (১) মো. মইনুল ইসলাম, সহ-সভাপতি (২) জিয়াউর রহমান জাকির, অর্থ পরিচালক জহির আহমেদ হেলাল, হিসাব পরিচালক মো. জহির উদ্দিন, আন্তর্জাতিকবিষয়ক পরিচালক মো. ফিরোজুল ইসলাম, মিডিয়া ও জনসংযোগ পরিচালক মো. মিজানুর রহমান, বাণিজ্য ও মেলাবিষয়ক পরিচালক মো. আবুল বাসেত বাবু, আইনবিষয়ক পরিচালক মো. রবিউল ইসলাম রবি, প্রিন্টিং ও প্রকাশনাবিষয়ক পরিচালক মো. আবু রায়হান সরকার, প্রশিক্ষণ ও গবেষণাবিষয়ক পরিচালক নাঈমুল হাসান, তথ্যপ্রযুক্তি পরিচালক মোমিনুল ইসলাম আসিফ, সংস্কৃতি ও ক্রীড়াবিষয়ক পরিচালক সৈয়দ মো. ইমতিয়াজ, সদস্য ও মানবকল্যাণবিষয়ক পরিচালক এ. বি. এম. জাকারিয়া (রাজিব) এবং সম্পত্তি ও সম্পদবিষয়ক পরিচালক শাখওয়াত হোসাইন নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া পরিচালক পদে মো. মহি উদ্দিন সেলিম, তামিম আহমেদ ও মো. নুরুল আনোয়ার এবং সহযোগী সদস্য গ্রুপের পরিচালক হিসেবে মো. নাসির উদ্দিন বাদল নির্বাচিত হয়েছেন।

