সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, শিবির যদি খারাপ কাজ করে, তাদের সমালোচনা করো। তাদের এড়িয়ে চলো। আমি তো ওদের সামনেই বলছি, তোমরা তাদের এড়িয়ে চলো। তাদের একটা শিক্ষা দাও যে, তোমরা খারাপ কাজ করছো, তাই আমরা তোমাদের সমর্থন করব না।
রোববার (২৮ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত তিন দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিশির মনির বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে থাকা তরুণরাই জাতির পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি। প্রতিভাবান, সৃজনশীল ও উদ্ভাবনী শিক্ষার্থীদের যোগ্য জায়গায় প্রতিষ্ঠিত করতে পারলেই দেশ এগিয়ে যাবে।
তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলো থেকে যোগ্য ও মেধাবী তরুণদের যথাযথ স্থানে বসানো না যাবে, ততক্ষণ পর্যন্ত দেশ প্রকৃত অর্থে সৃজনশীলতা ও প্রতিভার বিকাশ দেখতে পাবে না।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, যদি তোমরা সত্যিই যোগ্য হও, তাহলে মানুষ অবশ্যই তোমাদের আহ্বান জানাবে। রাজনৈতিক আধিপত্যের দিকে তাকাবে না। কে বিএনপি করে, কে জামায়াত করে, কে শিবির করে বা কে অন্য কোনো দল করে—এসব অপ্রাসঙ্গিক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যোগ্য স্থানে যোগ্য মানুষকে প্রতিষ্ঠা করা।
তিনি আরও বলেন, রাজনীতি যে-ই করুক, সরকার বা বিরোধী দল যেই হোক, যারা সত্য ও ন্যায়ের পথে থাকবে, তোমরা তাদেরই সমর্থন দেবে।
দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে শিশির মনির বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মানবাধিকার, আইনের শাসন, ব্যবসা-বাণিজ্য, সৃজনশীলতা ও শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে। বিশ্ববিদ্যালয়গুলো রাজনৈতিক বিভাজনের পরিবর্তে মেধা ও সৃজনশীলতার কেন্দ্র হয়ে উঠুক, সেটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল আলিম আরিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও জাকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
এ ছাড়া প্যানেলিস্ট হিসেবে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসাইন, রাশিয়ার ন্যাশনাল রিসার্চ ইউনিভার্সিটি হায়ার স্কুল অব ইকোনমিকসের ক্যান্ডিডেট অব সায়েন্স ড. মো. নূরুল হাসান, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মো. আসাদুজ্জামান সাদী এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন।

