ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

বাংলাদেশে প্রথম ই-জিরো (E0) সার্টিফায়েড বোর্ড উন্মোচন করল সুপার বোর্ড

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০২:৩৯ পিএম
ছবি : সংগৃহীত

বাংলাদেশের পার্টিকেল বোর্ড শিল্পে নতুন সংযোজন হিসেবে আন্তর্জাতিক মানের ই-জিরো (E0) সার্টিফায়েড বোর্ড উন্মোচনের ঘোষণা দিয়েছে সুপার বোর্ড। প্রতিষ্ঠানটির দাবি, এটি দেশের প্রথম এবং একমাত্র আমেরিকার CARB/EPA স্বীকৃত E0 সার্টিফিকেটপ্রাপ্ত পার্টিকেল বোর্ড।

সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলন ও পণ্য উন্মোচন অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

সুপার বোর্ড, টি. কে. গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সুপার ফরমিকা অ্যান্ড লেমিনেশন লিমিটেডের একটি ব্র্যান্ড।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ফরমালডিহাইড নির্গমনের মাত্রার ভিত্তিতে বোর্ডকে E0, E1 ও E2—এই তিনটি শ্রেণিতে ভাগ করা হয়। এর মধ্যে E0 সর্বোচ্চ মানের হিসেবে বিবেচিত, যেখানে ফরমালডিহাইড নির্গমন তুলনামূলকভাবে সর্বনিম্ন এবং মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য অধিক নিরাপদ।

প্রতিষ্ঠানটির দাবি, এতদিন দেশের বাজারে মূলত E1 বা তার নিচের মানের বোর্ড পাওয়া যেত। সেই প্রেক্ষাপটে স্বাস্থ্য, পরিবেশ ও টেকসই নির্মাণের বিষয় বিবেচনায় আন্তর্জাতিক মানসম্পন্ন E0 বোর্ড বাজারে আনা হয়েছে।

অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় স্থপতি, নির্মাণ ও আসবাবশিল্প-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যম প্রতিনিধি এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য দেন স্থপতি কাজী গোলাম নাসির, স্থপতি ও অধ্যাপক আবু সাঈদ এম. আহমেদ, বিজনেস ডিরেক্টর মো. শফিউল আথার, বিজনেস ডিরেক্টর মোহাম্মদ মোফাচ্ছেল হক, টি. কে. গ্রুপের উপদেষ্টা মাহফুজুর রহমান, হেড অব বিজনেস মোহাম্মদ নুরুন নবী, হেড অব বিজনেস অপারেশন আবু ফাতাহ মো. জাবেদ, হেড অব ব্র্যান্ড (টি. কে. গ্রুপ) মো. ইব্রাহিম খলিল নয়ন, এজিএম (QC/QA ও R&D) ইঞ্জি. মো. শাহ নেওয়াজ এবং হেড অব ব্র্যান্ড (সুপার বোর্ড) আ. আ. মু. আবিদ।

বক্তারা বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন, পরিবেশবান্ধব ও স্বাস্থ্যনিরাপদ E0 বোর্ডের প্রবর্তন দেশের নির্মাণ ও আসবাবশিল্পে নতুন মানদণ্ড স্থাপনে ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি ভোক্তাদের জন্য আরও নিরাপদ ও টেকসই পণ্য ব্যবহারের সুযোগ সৃষ্টি করবে বলেও তারা আশা প্রকাশ করেন।