ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

শৈলকুপায় বিশেষ অভিযানে ইয়াবাসহ চার যুবক আটক

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০২:৫১ পিএম
ছবি : সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ চার যুবককে আটক করেছে শৈলকুপা থানা পুলিশ।

শুক্রবার (২৬ জুন) গভীর রাতে উপজেলার বড়ুড়িয়া গ্রামের আলাল উদ্দিন বিশ্বাসের বাড়ির সামনে নদীর পাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— শৈলকুপার অনন্তবাদালশো গ্রামের হৃদয় পোদ্দার (২৯), পাংশা থানার নিভা গ্রামের সীমান্ত বিশ্বাস। এ ছাড়া কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দক্ষিণ মূলগ্রাম এলাকার মো. রাজ (২৩), মো. রাকিবুল ইসলাম (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে চারজনকে আটক করে থানায় নেওয়া হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, মাদক নির্মূলে শুধু খুচরা পর্যায়ে অভিযান পরিচালনা নয়, এর উৎস ও বিস্তৃত নেটওয়ার্ক শনাক্ত করেও ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, মাদক প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা এবং স্থানীয় মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত উদ্যোগেও আমি এলাকার বিভিন্ন হাট-বাজার, চায়ের দোকানসহ জনসমাগমস্থলে মানুষের সঙ্গে কথা বলছি, সচেতন করছি এবং কাউন্সেলিং করছি।

তিনি আরও বলেন, সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে পুলিশ কাজ করছে। সবাইকে মাদককে ‘না’ বলতে হবে এবং মাদক কারবারীদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না রাখার আহ্বান জানাচ্ছি।

স্থানীয়দের মতে, পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযান এলাকায় ইতিবাচক প্রভাব ফেলছে। একই সঙ্গে তারা মাদকের উৎস ও সরবরাহ চক্র শনাক্তে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।