ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

রায়গঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০২:৫৩ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৭নং নলকা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলমচাঁদপুর-সরাবাড়ী গ্রামের আওয়ামী লীগ নেতা মো. আব্দুল বাছেত ফকির গং কর্তৃক একই গ্রামের মো. আব্দুল হামিদ শেখ গংদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭জুন) সকাল ১০টায় উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকায় ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে মিথ্যা মামলাগুলো প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক নলকা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. এনামুল হক মাস্টার, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল মোমিন, নলকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মাসুদ রানা, স্থানীয় বাসিন্ধা আব্দুল মোমিন, আব্দুর রাজ্জাক, ভুক্তভোগী পরিবারের সদস্য আব্দুর রাজ্জাক মোল্লা, শিখা খাতুন,বিলাশসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করে বলেন,পারিবারিক ও জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে মো. আব্দুল হামিদ শেখ ও তার পরিবারের সদস্যদের হয়রানি করার উদ্দেশ্যে পরপর দুইটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। যার জাতীয় মামলা নং-৪৪৮, তারিখ-০৮-০৬-২০২ ও মামলা নং-৬৬/২০২৬, তারিখ-১৭-০৫-২০২৬ইং প্রকৃত ঘটনা তদন্ত না করেই এই মামলা দায়েরের মাধ্যমে নিরীহ মানুষকে হয়রানির চেষ্টা করা হচ্ছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের কাছে মামলাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান। একইসঙ্গে তারা দ্রুত হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে সংশ্লিষ্ট পরিবারের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হলে শুধু ব্যক্তি নয়, তার পরিবার ও সমাজও ক্ষতিগ্রস্ত হয়। তাই ন্যায়বিচারের স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।