ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মানসিক ভারসাম্যহীন নারী কেয়া পায়েল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ১০:০৮ এএম
উশকোখুশকো চুল, পরনে ময়লা পোশাক আর মুখভর্তি কালচে মেকআপে কেয়া পায়েল। ছবি : সংগৃহীত

প্রথম দেখায় চিনতেই পারছেন না কেউউশকোখুশকো চুল, পরনে ময়লা পোশাক, মুখভর্তি কালচে মেকআপ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে আলোচনা। খানিকটা পরে নেটিজেনরা বুঝতে পারেন, এই ব্যতিক্রমী লুকের মানুষটি আর কেউ নন, ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।

হঠাৎ কেয়া পায়েলের এই আমূল পরিবর্তন বা ‘ট্রান্সফরমেশন’ দেখে অনেকেই অবাক হয়ে গেলেও জানা যায়, এটি একটি নাটকের শুটিংয়ের দৃশ্য। সম্প্রতি তার সহশিল্পী ও জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রকাশ করেন।

ভিডিওতে দেখা যায়, ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন এক নারীর চরিত্রে দাঁড়িয়ে আছেন কেয়া পায়েল। একপর্যায়ে তাকে উচ্চ স্বরে বলতে শোনা যায়, কেউ একজন তার দিকে বল ছুড়ে মেরেছে এবং সে এর বিচার চায়। ঠিক তখনই মোটরসাইকেলে করে সেখানে হাজির হন জোভান। তাকে দেখেই কেয়া তেড়ে যান এবং অদ্ভুত আচরণ করতে থাকেন।

ভিডিওটি শেয়ার করে জোভান মজার ছলে ক্যাপশনে লেখেন, ‘ছেমরি পাগল নাকি? আমারে কয় খাইয়া লাইব!’ যা দ্রুতই দর্শকদের দৃষ্টি কাড়ে।

ভিডিও প্রকাশের পর ভক্ত ও অনুরাগীদের মাঝে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই মন্তব্য করেন, প্রথম দেখায় কেয়া পায়েলকে চিনতেই পারেননি। একজন লেখেন, ‘বাপরে বাপ, কী মারাত্মক অভিনয়!’ আরেকজন মেকআপের প্রশংসা করে মন্তব্য করেন, ‘মানিয়েছে, একদম পারফেক্ট মেকআপ।’ সব মিলিয়ে চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙে নতুনভাবে তুলে ধরার সাহসিকতার জন্য অভিনেত্রীর প্রশংসায় মুখর নেটিজেনরা।

ধারণা করা হচ্ছে, এটি একটি নতুন নাটকের শুটিংয়ের দৃশ্য, যদিও নাটকটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। নাটকটিতে কেয়ার সহশিল্পী হিসেবে থাকছেন ফারহান আহমেদ জোভান। এর আগেও এই জুটি একাধিক নাটকে একসঙ্গে কাজ করে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছে।

গ্ল্যামার ও সাবলীল অভিনয়ের জন্য পরিচিত কেয়া পায়েল চরিত্রের প্রয়োজনে এমন ব্যতিক্রমী লুকে নিজেকে মেলে ধরার মাধ্যমে আবারও প্রমাণ করলেন তার অভিনয় দক্ষতা।