অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আত্মহত্যা করেছেন। বিষয়টি অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে ঘটনা নিয়ে মুখ খোলেননি আলভী, তবে দুপুর সাড়ে তিনটায় এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, আজ দুপুরে মিরপুর ডিওএইচএস-এর বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি তখন নেপালে শুটিংয়ে ছিলাম।
খবরটা শুনে আমি এখন কথা বলার মতো অবস্থায় নেই। বুঝতে পারছি না, আমাদের সন্তান এবং আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।
তিনি আরও লিখেছেন, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আমাকে কিছু সময় দিন। আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি এবং ফিরে সবার সঙ্গে কথা বলব। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে কিছুটা মানসিক শান্তি দিন।
‘আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন।’


