জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জার বাবা মির্জা ফারুক মারা গেছেন। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে রাজধানীর নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। পারিবারিক সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
কখন কোথায় তাকে সমাহিত করা হবে- তা অবশ্য পরিবারের পক্ষ থেকে এখনো জানানো হয়নি।
বন্যা মির্জা বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। যেহেতু সেখানে এখন রাত ও ঘুমের সময়, ফলে তার সঙ্গে পরিবারের পক্ষে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি।
পারিবারিক সূত্রে জানা যায়, মির্জা ফারুক ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক।
ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে একসময় দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন বন্যা মির্জা।
টিভিতে প্রচারিত ‘রঙের মানুষ’, ‘ভবের হাট’সহ বেশকিছু দর্শকপ্রিয় ধারাবাহিক ও একক নাটক দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। চলচ্চিত্রেও দেখা গেছে তাকে। সেগুলো হলো ‘হেডমাস্টার’, ‘শরৎ ৭১’, ‘রাবেয়া’, ‘খ-চিত্র ৭১’ ও ‘পিতা’।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন