স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আতাউর রহমানের মরদেহ আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। গণমাধ্যমকে বিষয়টি নিয়েছে বাংলাদেশ এক্টরস একুইটি।
সোমবার (১১ মে) দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনয়শিল্পী সংঘের আজীবন সদস্য মঞ্চসারথি আতাউর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
অভিনয়শিল্পী সংঘ জানিয়েছে, বরেণ্য এই শিল্পীর কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে রাখা হবে।
পরে মগবাজারের ইস্পাহানী সেঞ্চুরি আর্কেডে নিজ বাসভবনের সামনে খোলামাঠে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর আতাউর রহমানের শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়।
ভর্তির পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে কিছুটা শারীরিক উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে রোববার (১০ মে) আবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া আতাউর রহমান বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পথিকৃৎ। তিনি একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক হিসেবে খ্যাতি অর্জন করেন।
স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব মঞ্চনাটকে বিশেষ অবদানের জন্য ২০০১ সালে একুশে পদক এবং ২০২১ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।


