বাংলাদেশের সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা ও তৃণমূলের সংসদ দেব। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর পর থেকেই দেশজুড়ে যে অস্থিরতা ও হিংসার আবহ তৈরি হয়েছে, তা নাড়া দিয়েছে দুই বাংলার শিল্প-সংস্কৃতি অঙ্গনকেও।
গত বৃহস্পতিবার রাতে সংবাদপত্রের দপ্তরে ভাঙচুর চালানোর পাশাপাশি বিক্ষোভকারীদের আগ্রাসনের শিকার হয়েছে দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও উদীচী। এ পরিস্থিতি সামনে আসতেই উদ্বেগ আরও বেড়েছে।
এই প্রেক্ষাপটে দেব বলেন, ‘ঈশ্বরের কাছে প্রার্থনা করি, মানুষ যেন শান্তিতে থাকে। সে হিন্দু হোক, মুসলমান হোক কিংবা খ্রিষ্টান—সবাই। গোটা পৃথিবীজুড়ে এখন যুদ্ধের আবহ। দেশের টাকা অস্ত্র কিনতেই চলে যাচ্ছে। মাঝেমধ্যে ভয় লাগে, খবর দেখে মনে হয় এখানেও হয়তো যুদ্ধ শুরু হয়ে যাবে।’
অভিনেতার কথায় স্পষ্ট আতঙ্কের ছাপ। তিনি আরও বলেন, ‘ভারত-বাংলাদেশ, ভারত-পাকিস্তান বা ভারত-চীন যুদ্ধ যেন না হয়। এটা কারও জন্যই ভালো নয়। মানুষের তো আসলে দরকার দুই বেলার খাবার আর মাথার ওপর একটা ছাদ। সেই জন্য অন্য মানুষকে মারার প্রয়োজন নেই। এখন যদি এমনটা হয়, ভবিষ্যৎ আরও ভয়ংকর হবে।’
শেষে শান্তির আবেদন জানিয়ে দেব বলেন, ‘সিনেমা চলুক বা না চলুক, আমরা যেন সবাই ভালো থাকি—এই প্রার্থনাই করি।’
বাংলাদেশের এই অস্থির পরিস্থিতি নিয়ে এর আগেও মুখ খুলেছেন টালিগঞ্জের একাধিক শিল্পী। এর আগে অভিনেত্রী কোয়েল মল্লিক বলেন, ‘বিনোদনজগৎ সব ধরনের হিংসার ঊর্ধ্বে। সেখানে যদি মৌলবাদ ঢুকে পড়ে, তার থেকে দুঃখজনক কিছু হতে পারে না।’
একই সুর শোনা গেছে অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী ও রবীন্দ্রসংগীতশিল্পী প্রমিতা মল্লিকের কথাতেও। তাদের মতে, শিল্প-সংস্কৃতির ওপর আঘাত মানেই সমাজের মূল ভিত নড়িয়ে দেওয়া।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন