ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বিয়ে করছেন হানিয়া আমির!

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০১:৪১ পিএম
অভিনেত্রী হানিয়া আমির। ছবি : সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। অভিনয়ের পাশাপাশি তার প্রাণবন্ত উপস্থিতি ও ব্যক্তিগত জীবন বরাবরই দর্শকদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে। এবার সেই কৌতূহলে নতুন মাত্রা যোগ করেছে একটি গুঞ্জনবিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন হানিয়া আমির!

শোবিজে আলোচনা চলছে, পাকিস্তানের জনপ্রিয় গায়ক অসীম আজহারের সঙ্গে ফের ঘনিষ্ঠ হয়েছেন হানিয়া। শুধু সম্পর্ক জোড়া লাগাই নয়; আসন্ন রমজানেই নাকি এই তারকা যুগল সংসার পাততে যাচ্ছেন। শোনা যাচ্ছে, আয়োজন হবে একেবারেই ঘরোয়া, পরিবার ও কাছের মানুষদের নিয়েই।

এই সম্ভাব্য বিয়ের খবরটি প্রথম আলোচনায় আসে পাকিস্তানভিত্তিক বিনোদন ও লাইফস্টাইল বিষয়ক জনপ্রিয় ইনস্টাগ্রাম পেজ ‘ইরফানিস্তান’-এর একটি পোস্ট থেকে। ১৬ লাখের বেশি অনুসারী থাকা পেজটিতে দাবি করা হয়, ঘনিষ্ঠ সূত্রের বরাতে হানিয়া আমির ও অসীম আজহার তাদের সম্পর্ককে নতুন পর্যায়ে নিতে প্রস্তুত।

তবে এখন পর্যন্ত এই গুঞ্জন নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি হানিয়া আমির বা অসীম আজহারের পক্ষ থেকে। তাদের ঘনিষ্ঠ টিমও বিষয়টি নিয়ে নীরব রয়েছে।

উল্লেখ্য, হানিয়া ও অসীম একসময় পাকিস্তানি শোবিজের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর মধ্যে ছিলেন। ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তবে পরে বিচ্ছেদের পর ২০২০ সালে হানিয়া প্রকাশ্যে জানান, তারা কেবল ভালো বন্ধু।

অন্যদিকে, হানিয়ার সঙ্গে সম্পর্ক ভাঙার পর অসীম আজহার ইনফ্লুয়েন্সার ও অভিনেত্রী মেরুব আলির সঙ্গে বাগদান করেন। তিন বছর পর সেই সম্পর্কও ভেঙে যায়। এরপর গত বছরের আগস্টে অসীমের কনসার্টে হানিয়া আমিরের উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দেয়।

সব মিলিয়ে নেটিজেনদের ধারণা, পুরোনো গল্প হয়তো নতুন পরিণতির দিকে এগোচ্ছে। যদিও সত্যিই বিয়ের ঘণ্টা বাজছে, নাকি এটি শুধুই গুঞ্জন—সে উত্তর আপাতত সময়ের হাতেই ছেড়ে দিতে হচ্ছে।