স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও প্রখ্যাত নজরুলসংগীতশিল্পী এম এ মান্নান চলে গেলেন না ফেরার দেশে।
বুধবার (১ জানুয়ারি) দুপুর ২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন শিল্পীর বড় মেয়ে সুরাইয়া মান্নান।
এম এ মান্নানের মরদেহ রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকার কবরস্থানে দাফন করা হয়। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন কণ্ঠযোদ্ধা হিসেবে এম এ মান্নান অনন্য ভূমিকা রেখেছিলেন। পরবর্তী সময়ে নজরুলসংগীতে তার নিষ্ঠা, গবেষণা ও পরিবেশনা তাকে এই ধারার একজন বিশেষজ্ঞ শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আরেক শিল্পী তিমির নন্দী।
তিনি বলেন, ‘এম এ মান্নান ভাই পরপারে চলে গেলেন নিঃশব্দে! অথচ গেল সপ্তাহের প্রতিটি দিন সকাল-বিকেল দুবেলা করে তার সঙ্গে কথা হয়েছে আমার। এ কেমন চলে যাওয়া? কিছুই জানতে পারলাম না! কত খুনসুটি করতাম দুজনে। ছোট ভাই হিসেবে অনেক ভালোবাসতেন আমাকে এবং আমার ওপর তিনি আস্থাও রাখতেন।’
তিনি আরও বলেন, ‘কোনো কিছুতে আমাকেই সবার আগে ফোন করতেন। খুব মিস করব তাকে। তার মতো একজন বিশেষজ্ঞ নজরুলসংগীতশিল্পী হারানোয় সংগীতজগতের অপূরণীয় ক্ষতি হয়েছে। এ শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইল। বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
নজরুলসংগীত চর্চা ও মুক্তিযুদ্ধকালীন সাংস্কৃতিক আন্দোলনে এম এ মান্নানের অবদান সংগীতাঙ্গনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তার কণ্ঠ, সাধনা ও দেশপ্রেম আজও প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

-20260101234909.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন