কবি ও গীতিকার আমিরুল হাছানের কথা ও সুরে কণ্ঠশিল্পী কাজী সায়কের গাওয়া নতুন সুফিবাদী দেহতত্ত্বের গান ‘নিজের মায়া’-র অডিও রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিগগিরই গানটির ভিডিও নির্মাণের কাজ শেষ করে ‘গান কবিতা’ ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
কবি ও গীতিকার আমিরুল হাছান জানান, গানটির কণ্ঠ দেওয়ার পাশাপাশি সংগীতায়োজনও করেছেন কাজী সায়ক নিজেই।
কণ্ঠশিল্পী কাজী সায়ক বলেন, কবি আমিরুল হাছানের কথায় ইতিমধ্যে গানটি করেছি। গানের কথাগুলো ভিন্নধর্মী-কোনো বিশেষ কারণ ছাড়াই ভালো লাগে। সেই ভালোবাসা থেকেই তার গানে কণ্ঠ দেওয়া। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।
তিনি আরও বলেন, কবির ভাবনার জগতের সঙ্গে মিল রেখে গানটি গাইতে পেরেছি কি না জানি না, তবে ভালোভাবে করার চেষ্টা করেছি।
আশির দশকের কবি বদরুল হায়দার বলেন, আমিরুল হাছানের কবিতা ও গানের মধ্যে এক ধরনের বৈচিত্র্য রয়েছে।
কবিতা পড়লে বোঝা যায় না গানের ভিন্নতা কোথায়, আবার গান শুনলে বোঝা যায় না কবিতার স্বাতন্ত্র্য কোথায়। তিনি কবিতা ও গানের কথা আলাদা রূপে লেখেন।
তিনি আরও বলেন, আমিরুল হাছানের প্রতিটি গানে সুফিবাদের গভীর দর্শন উঠে আসে। শরিয়ত, মারিফত, হাকিকত ও তরিকতের ভাবনা তিনি আধুনিকতার ছোঁয়ায় গানের লাইনে লাইনে ফুটিয়ে তোলেন।


