ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ডালিয়া নওশীন আর নেই

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৫:৪৪ পিএম
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য নজরুলসংগীত শিল্পী ডালিয়া নওশীন। ছবি- সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য নজরুলসংগীত শিল্পী ডালিয়া নওশীন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। 

বুধবার (১ এপ্রিল) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ডালিয়া নওশীনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার খালাতো বোন ও খ্যাতিমান নজরুলসংগীত শিল্পী সাদিয়া আফরিন মল্লিক। 

তিনি জানান, আজ বাদ মাগরিব গুলশান সোসাইটি মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। ব্যক্তিগত জীবনে ডালিয়া নওশীন দুই সন্তানের জননী। তাদের একজন বর্তমানে যুক্তরাষ্ট্রে এবং অন্যজন স্পেনে বসবাস করছেন।

ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিত্সাধীন ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৭ মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে আজ ইহলোকের মায়া কাটিয়ে চিরবিদায় নিলেন তিনি।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ডালিয়া নওশীন। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে সরকার তাকে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’-এ ভূষিত করা হয়।

উল্লেখ্য, ডালিয়া নওশীন দেশের প্রখ্যাত স্থপতি মাজহারুল ইসলামের কন্যা। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক ও সংগীত অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।