ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

একই সুরে দুই প্রজন্মের দুই তারকার ভিন্নধর্মী গান ‘অনায়াসে’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ১০:৫৯ এএম
রুনা লাইলা ও বাপ্পা মজুমদার। ছবি : সংগৃহীত

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা ও সমসাময়িক জনপ্রিয় শিল্পী বাপ্পা মজুমদার-এই দুই প্রজন্মের সুরের মেলবন্ধনে তৈরি হয়েছে নতুন গান ‘অনায়াসে’। সম্পূর্ণ ভিন্ন ঘরানার এই বাংলা গজলধর্মী গানটি নিয়ে শ্রোতাদের মাঝে ইতোমধ্যেই ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

দীর্ঘদিন পর একদমই নতুন এক ঘরানার গানে কণ্ঠ দিলেন সুরসম্রাজ্ঞী রুনা লায়লা। এবার তিনি নিয়ে আসছেন একটি বাংলা গজলধর্মী গান, যেখানে তাঁর সঙ্গী হয়েছেন জনপ্রিয় গায়ক ও সুরকার বাপ্পা মজুমদার। গানের শিরোনাম ‘অনায়াসে’।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তার মাধ্যমে রুনা লায়লা নিজেই এই চমকপ্রদ খবরটি জানিয়েছেন। মজার বিষয় হলো, গানটি শুরুতে রুনা লায়লার একক কণ্ঠে গাওয়ার কথা ছিল। বাপ্পা মজুমদারের সুর ও সংগীতায়োজনে গানটি তৈরি হওয়ার পর যখন রুনা লায়লা তা শোনেন, তখন তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন।

ঘটনার স্মৃতিচারণ করে বরেণ্য এই শিল্পী বলেন, “বাপ্পা আমাকে বলেছিল, ‘আন্টি আপনার জন্য একটি গান করেছি, আপনি কি গাইবেন?’ আমি রাজি হই। কিন্তু গানটি শোনার পর আমার মনে হলো এটি আমাদের দুজনের একসাথেই গাওয়া উচিত। আমি আবার বাপ্পাকে ফোন করে প্রস্তাব দিই। ও প্রথমে বেশ অবাক হলেও পরে আমরা একসাথেই গানটি রেকর্ড করি।”

রুনা লায়লার মতে, বাংলা ভাষায় গজলধর্মী গান খুব একটা বেশি হয়নি। সে কারণে ‘অনায়াসে’ গানটি শ্রোতাদের জন্য এক বিশেষ উপহার হতে যাচ্ছে। গানটির কাব্যিক কথাগুলো লিখেছেন গালিব হাসান।

সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ১৬ তারিখে গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাওয়ার কথা রয়েছে। কিংবদন্তি রুনা লায়লা ও মেলোডি কিং বাপ্পা মজুমদারের এই যৌথ প্রয়াস বাংলা গানের ভাণ্ডারে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংগীত সংশ্লিষ্টরা।