ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অনলাইন টিকিট সেবা চালু করল বিএমইউ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০৭:১৯ পিএম
ছবি- সংগৃহীত

রোগীর দীর্ঘ লাইনের ভোগান্তি নিরসনে বহির্বিভাগে অনলাইন টিকিট সেবা চালু করেছে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। 

বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও পূবালী ব্যাংক লিমিটেড-এর মধ্যে অনলাইন পেমেন্ট সেবা কার্যকর করার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

বিএমইউ-এর ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, ‘অনলাইন টিকেট সিস্টেম চালুর মূল উদ্দেশ্য হলো, রোগীর দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি কমানো। স্বাস্থ্যব্যবস্থা সবসময় জনগণকেন্দ্রিক। আমরা চাই রোগীরা তাদের সুবিধামতো সময়ে চিকিৎসা নিতে পারেন—এটি তারই অংশ।’

তিনি বলেন, ‘আমরা চাই ওয়েটিং টাইমটাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যেতে। হাসপাতালে এসে লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট না করে রোগীরা এখন অনলাইনেই তাদের পছন্দের সময়ে চিকিৎসক দেখাতে পারবেন। ডিজিটালাইজেশনের এই প্রক্রিয়া শুরুতে কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, তবে সবার সহযোগিতায় তা অতিক্রম করা সম্ভব।’

অধ্যাপক শাহিনুল আলম বলেন, গণমাধ্যম যদি ইতিবাচকভাবে এই উদ্যোগকে তুলে ধরে, তবে বিএমইউ-এর এই প্রচেষ্টা সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে। দেশের চিকিৎসাসেবা ডিজিটাল যুগে প্রবেশ করবে।

তিনি বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অটোমেশনের বিকল্প নেই। বিএমইউকে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল হাসপাতাল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বিএমইউ-এর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, প্রক্টর ডা. শেখ ফরহাদ, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান এবং পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী।