ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টিকা নিলেও কেন হাম বা পক্স হয়, এর কারণ কি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ১০:৩০ এএম
টিকা নিলেও কেন হাম বা পক্স হয়, এর কারণ কি। ছবি : সংগৃহীত

হাম এবং চিকেন পক্স বা জলবসন্ত- উভয়ই ভাইরাসজনিত সংক্রামক রোগ। সাধারণত শিশুদের মধ্যে জ্বরের পাশাপাশি শরীরে র‍্যাশ বা ফুসকুড়ি দেখা দিলে এই দুটি রোগের আশঙ্কাই সবচেয়ে বেশি থাকে। তবে এই দুই রোগের উপসর্গ এবং এর পরবর্তী জটিলতায় বেশকিছু মৌলিক পার্থক্য রয়েছে।

হাম : লক্ষণ ও দীর্ঘমেয়াদি ঝুঁকি

হামের ক্ষেত্রে সাধারণত জ্বরের তীব্রতা অনেক বেশি থাকে। জ্বর শুরু হওয়ার তিন থেকে পাঁচ দিনের মাথায় শরীরে লালচে দানার মতো র‍্যাশ দেখা দেয়। এর পাশাপাশি মাথাব্যথা, কাশি, চোখ দিয়ে পানি পড়া এবং গলাব্যথার মতো লক্ষণ প্রকাশ পায়।

চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, হামকে অবহেলা করার সুযোগ নেই। এটি অনেক সময় প্রাণঘাতী হতে পারে। এমনকি রোগ সেরে যাওয়ার দীর্ঘ সময় পর হামের ভাইরাস থেকে ‘সাব-অ্যাকিউট স্ক্লেরোজিং প্যানএনসেফালাইটিস’ নামক মস্তিষ্কের অত্যন্ত জটিল ও বিপজ্জনক রোগ হওয়ার ঝুঁকি থাকে।

টিকা ও সুরক্ষা : শিশুদের ৯ মাস এবং ১৫ মাস বয়সে দুই ডোজ হামের টিকা দেওয়া হয়। নিয়ম অনুযায়ী এই দুই ডোজ সম্পন্ন করলে ৯৭ থেকে ৯৯ শতাংশ সুরক্ষা নিশ্চিত হয়, যা শরীরে দীর্ঘস্থায়ী রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি করে।

চিকেন পক্স বা জলবসন্ত : ধরন ও সংক্রমণ

জলবসন্তের ক্ষেত্রে জ্বরের তীব্রতা হামের তুলনায় কম থাকে এবং সাধারণত এক-দুই দিনের মধ্যেই জ্বর কমে যায়। এরপর দ্রুত মুখে ও শরীরে ফুসকুড়ি দেখা দেয়। তিন থেকে চার সপ্তাহের মধ্যে এই ফুসকুড়িগুলো শুকিয়ে খোসা আকারে ঝরে পড়ে। এটি অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ, যা খুব দ্রুত পরিবারের অন্য সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়ে।

অনেকের ধারণা, একবার পক্স হলে আর হয় না। তবে এর জন্য দায়ী ‘ভ্যারিসেলা’ ভাইরাসের বিভিন্ন ধরন থাকায়, একবার আক্রান্ত হওয়ার পর ভিন্ন ধরনের ভাইরাসের মাধ্যমে পুনরায় সংক্রমিত হওয়ার সামান্য সম্ভাবনা থেকে যায়।

টিকা নেওয়ার পরও কেন রোগ হয়?

জাতীয় টিকাদান কর্মসূচিতে (ইপিআই) পক্সের টিকা অন্তর্ভুক্ত না থাকলেও ব্যক্তিগতভাবে ১২-১৫ মাস এবং ৪-৬ বছর বয়সে এই টিকার ডোজ নেওয়া যায়। তবে মনে রাখতে হবে, টিকা নেওয়ার পরও বিরল ক্ষেত্রে হাম বা পক্স হতে পারে। তবে টিকাপ্রাপ্তদের ক্ষেত্রে রোগের তীব্রতা অনেক কম থাকে, জটিলতা সৃষ্টি হয় না এবং এটি অন্যদের মাঝে ছড়ানোর ক্ষমতাও হারায়।

বিশেষজ্ঞ পরামর্শ

হাম বা পক্সের হাত থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সময়মতো সব টিকা সম্পন্ন করা জরুরি। টিকা নেওয়া থাকলে শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়, তা রোগাক্রান্ত হলেও বড় ধরনের ঝুঁকি থেকে শিশুকে নিরাপদ রাখে।