ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট সরিয়ে দিলো মেটা

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০১:৪৫ এএম
সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন। ছবি : সংগৃহীত

উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগের পর সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের ভেরিফায়েড ফেসবুক পেজ সরিয়ে দিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত থেকে তার প্রায় ২২ লাখ অনুসারীর পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনার মধ্যে প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টারের কার্যালয় ছাড়াও ছায়ানট ও উদীচীর মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে।

এ ঘটনার প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাতে ইলিয়াস হোসেন তার ফেসবুক পেজে একাধিক পোস্ট দেন, যেগুলোকে উসকানিমূলক বলে অভিযোগ করেন বিভিন্ন মহল। এসব পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও প্রতিবাদ শুরু হয়। এর পরদিন শুক্রবার রাত থেকে তার ফেসবুক পেজটি আর দৃশ্যমান নেই।

ফেসবুক কর্তৃপক্ষ বা মেটার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী সহিংসতা উসকে দেওয়া, ঘৃণামূলক বক্তব্য কিংবা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কনটেন্টের ক্ষেত্রে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বা পেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।

ইলিয়াস হোসেনের পেজ সরিয়ে নেওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। কেউ কেউ এটিকে প্ল্যাটফর্মের নীতিমালার প্রয়োগ হিসেবে দেখছেন, আবার কেউ বিষয়টি মতপ্রকাশের স্বাধীনতার সঙ্গে যুক্ত করে প্রশ্ন তুলছেন।