ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

স্মার্টফোনের প্যাটার্ন লক ভুলে গেলে যেভাবে উদ্ধার করবেন

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৯:৩০ পিএম
প্রতীকী ছবি

বর্তমানে দৈনন্দিন জীবনের প্রায় সব কাজেই স্মার্টফোন অপরিহার্য হয়ে উঠেছে। যোগাযোগ, অনলাইন লেনদেন থেকে শুরু করে বিদ্যুৎ বিল পরিশোধ— সবই হচ্ছে স্মার্টফোনের মাধ্যমে। ব্যক্তিগত তথ্য সুরক্ষায় অধিকাংশ ব্যবহারকারী প্যাটার্ন লক, পাসওয়ার্ড, ফেস লক বা ফিঙ্গারপ্রিন্ট লক ব্যবহার করে থাকেন। তবে ঘন ঘন প্যাটার্ন পরিবর্তনের কারণে অনেক সময় ব্যবহারকারীরা নিজেরাই প্যাটার্ন লক ভুলে গিয়ে বিপাকে পড়েন।

প্রযুক্তি বিশেষজ্ঞরা জানিয়েছেন, এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে কয়েকটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করলে সমস্যার সমাধান সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, প্যাটার্ন লক একাধিকবার ভুল দেওয়ার পর স্ক্রিনের নিচে সাধারণত ‘Forgot Password’ বা ‘Forgot Pattern’ অপশন দেখা যায়। সেখানে ক্লিক করে গুগল অ্যাকাউন্টের তথ্য দিয়ে নতুন প্যাটার্ন সেট করা যেতে পারে।

এ ছাড়া বিকল্প উপায় হিসেবে ফোনটি সম্পূর্ণ বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এরপর একসঙ্গে পাওয়ার বাটন ও ভলিউম ডাউন বাটন চেপে ধরে রাখলে ফোনটি রিকভারি মোডে প্রবেশ করবে। রিকভারি মোডে গিয়ে ‘Factory Reset’ বা ‘Wipe Cache’ অপশন নির্বাচন করা যায়।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, ফ্যাক্টরি রিসেট করলে ফোনের ভেতরে থাকা সব ডেটা— ছবি, ভিডিও ও ফাইল মুছে যেতে পারে। যদি এসব তথ্য গুগল ড্রাইভ বা ক্লাউডে সংরক্ষিত থাকে, তাহলে পরবর্তীতে সেগুলো পুনরুদ্ধার করা সম্ভব।

ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে ব্যবহারকারীদের জন্য একটি পরামর্শও দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তারা বলছেন, নতুন প্যাটার্ন সেট করার পর সেটির একটি স্ক্রিনশট নিরাপদ কোনো ই-মেইলে সংরক্ষণ করে রাখা যেতে পারে, যাতে প্রয়োজনে অন্য ডিভাইস থেকে সহজেই তা খুঁজে পাওয়া যায়।

বিশেষজ্ঞদের মতে, সচেতন থাকলে এবং সঠিক পদ্ধতি অনুসরণ করলে প্যাটার্ন লক ভুলে যাওয়ার সমস্যাও সহজেই সমাধান করা সম্ভব।