ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

স্ত্রীসহ বিপ্লব কুমারের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৪:০৬ পিএম
ছবি- সংগৃহীত

দুর্নীতির অভিযোগে ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও তার স্ত্রী হোসনেয়ারা বেগমের নামে থাকা ২৮টি ব্যাংক হিসাব ও দুটি বিও হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান। 

এ দিন দুদকের সহকারী পরিচালক রাসেল রনি এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, অনুসন্ধানকালে জানা যায় যে, বিপ্লব কুমার সরকার ও অন্যান্যদের বিরুদ্ধে সরকারি চাকরিজীবী হয়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তার নিজ ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে অবৈধভাবে অর্জিত আয়ের উৎস আড়াল করার জন্য মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ করা ও নামে-বেনামে সম্পত্তি ক্রয়সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

অভিযোগ, বিপ্লব কুমার সরকার ও তার স্ত্রী হোসনেয়ারা বেগমের নামে ব্যাংক ও বিও হিসাবসমূহ থেকে অর্থ অন্যত্র স্থানান্তর হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এসব সম্পদ স্থানান্তর, হস্তান্তর বা বেহাত হয়ে গেলে পরবর্তীতে টাকা উদ্ধারকরণ দুরূহ হয়ে পড়বে। এজন্য দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ১৮ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ধারা ১৪ অনুযায়ী ছকে উল্লিখিত ব্যংক ও বিও হিসাবসমূহ থেকে অর্থ উত্তোলন অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক।

এর আগে গত ৯ ডিসেম্বর বিপ্লব কুমার সরকার, তার স্ত্রী হোসনেয়ারা বেগম, ভাই প্রণয় কুমার সরকার ও হোসনেয়ারার বোন শাহানারা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন একই আদালত।