ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কারাগারে থেকেও বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৮:০৯ এএম
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন আগামী ১৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে অংশ নিতে কারাগারে থাকা আইনজীবী সৈয়দ সায়েদুল হক (ব্যারিস্টার সুমন) আগ্রহ প্রকাশ করেছেন।

এ জন্য মনোনয়নপত্রে তার স্বাক্ষর নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে রোববার ঢাকার জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। তার পক্ষে আইনজীবী লিটন আহমেদ আবেদনটি জমা দেন।

লিটন আহমেদ বলেন, বার কাউন্সিল নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্রে সুমনের স্বাক্ষর প্রয়োজন। আগামী ১৬ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তাই নির্ধারিত সময়ের মধ্যে স্বাক্ষর নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, পুলিশ ও সাংবাদিকসহ সত্তরের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ২২ অক্টোবর সৈয়দ সায়েদুল হককে গ্রেপ্তার করা হয়।

তিনি হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।