সম্পদের হিসাব বিবরণী নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়ার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর (এসকে সুর চৌধুরী)কে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার দ্বিতীয় বিশেষ জজ আদালতের বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ।
রায় ঘোষণার সময় এসকে সুরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আদালতের আদেশের পর সাজা পরোয়ানাসহ তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তথ্য অনুযায়ী, জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদের অভিযোগের তদন্তের অংশ হিসেবে দুদক এসকে সুর এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা সব ধরনের স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস এবং সম্পদ অর্জনের বিস্তারিত তথ্য নির্ধারিত ফরমে জমা দেওয়ার নির্দেশ দেয়।
তিনি ২০২৫ সালের ২৭ অক্টোবর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ ও নির্ধারিত ফরম গ্রহণ করলেও আইনে নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে তা জমা দেননি।
এ ঘটনায় ২০২৫ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন এসকে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এর আগে ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদক এসকে সুরকে গ্রেপ্তার করে। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।
পরে একই বছরের ২৫ আগস্ট দুদকের উপপরিচালক মো. আহসান উদ্দিন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ৬ নভেম্বর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। মামলার বিচারিক কার্যক্রমে সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন