স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু আইন কিংবা শাস্তি প্রয়োগে মাদক নির্মূল করা সম্ভব নয়। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষকে একত্র করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা মাদকবিরোধী অভিযান শুরু করেছি। আমাদের লক্ষ্য, সবাইকে সঙ্গে নিয়ে এই কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করা। আমার মতে, এ ছাড়া বিকল্প কোনো পথ নেই। শুধু আইন করে কিংবা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, সেগুলোর মাধ্যমে ইতিবাচক ফল পাওয়া যাবে । এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে।
মির্জা ফখরুল বলেন, আমরা চাই, সবাই এ বিষয়ে ইতিবাচক ভূমিকা পালন করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনসচেতনতা সৃষ্টি। মানুষকে বারবার জানাতে হবে যে, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে ব্যাপক প্রচারের মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন