ময়মনসিংহে জমি নিয়ে পূর্ববিরোধের জেরে কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নূর হোসেন, সহিদুল ও উজ্জল মিয়া। আর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- সোহরাব আলী, স্বরূপা খাতুন ও রেহানা খাতুন।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস অভিযুক্তদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, জেলার ফুলপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ২০১৪ সালের ১৮ জানুয়ারি সকালে দণ্ডপ্রাপ্তরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে কৃষক আশ্রাব আলীকে হত্যা করে। পরদিন নিহতের ছেলে জুলহাস ছয়জনকে আসামি করে ফুলপুর থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত, ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, জেরা ও আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেন। রায়ে নূর হোসেন, সহিদুল ও উজ্জল মিয়াকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
একই সঙ্গে সোহরাব আলী, স্বরূপা খাতুন ও রেহানা খাতুনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মোহাম্মদ আকরাম হোসেন এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন এ এইচ এম খালেকুজ্জামান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন