রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল মেলা। বসুন্ধরা আবাসিক এলাকার জান্নাত রেস্টুরেন্ট প্রাঙ্গণে আয়োজিত এ মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত।
মেলায় অংশ নিয়েছেন প্রায় অর্ধশত নারী উদ্যোক্তা। তারা নিজেদের তৈরি ও সংগ্রহ করা বিভিন্ন পণ্য প্রদর্শন করছেন মেলায়। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। এ সময়ের মধ্যে দর্শনার্থী ও ক্রেতারা মেলায় প্রবেশ করে পছন্দের পণ্য কিনতে পারবেন।
মেলার আয়োজক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এএন মনজুরুল হক সোহেল। আয়োজক কমিটির সিইও জিনাত আরা। তাদের সহযোগী হিসেবে রয়েছেন নারী উদ্যোক্তা সাবরিন, ঊষা ও সম্পূর্ণা।
মেলা সম্পর্কে আয়োজক কমিটির সিইও জিনাত আরা জানান, তিন দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন ডিজাইনের জুয়েলারি, নারীদের পোশাক এবং ঘর সাজানোর নানান দৃষ্টিনন্দন সামগ্রীর সমাহার রয়েছে। যেহেতু নারী উদ্যোক্তাদের নিয়েই মেলার আয়োজন, তাই হ্যান্ডমেড ক্রাফট ও ঘরোয়া ব্যবহারের আকর্ষণীয় পণ্য বিশেষ গুরুত্ব পেয়েছে। শিশুদের বিনোদনের জন্য রাখা হয়েছে কিডস প্লে জোন। পাশাপাশি দর্শনার্থীদের জন্য রয়েছে উন্নতমানের ক্যাফে কর্নার, যেখানে বিভিন্ন মানসম্মত খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।
মেলার উদ্দেশ্য সম্পর্কে আয়োজক কমিটির চেয়ারম্যান এএন মনজুরুল হক সোহেল বলেন, নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরতেই এই মেলার আয়োজন। বাজার বা প্রচলিত শোরুমে পাওয়া পণ্যের বাইরে এখানে ব্যতিক্রমী ডিজাইনের মানসম্মত সামগ্রীর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি পণ্যের দামও সবার নাগালের মধ্যে রাখা হয়েছে। তিনি ছুটির দিন শুক্র ও শনিবার পরিবার-পরিজন নিয়ে মেলায় আসার জন্য সবার প্রতি আহ্বান জানান।

