ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এখন থেকেই এড়িয়ে চলুন, না হয় হতে পারে কোলন ক্যানসার

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০১:১৯ এএম
ফাইল ছবি

ব্যস্ত জীবনে সময় বাঁচাতে ফাস্টফুড, প্যাকেটজাত স্ন্যাকস বা ইনস্ট্যান্ট খাবারের ওপর নির্ভরতা দিন দিন বাড়ছে। ক্ষুধা মেটে দ্রুত, ঝামেলাও কম। কিন্তু এই সুবিধার আড়ালে শরীরের ভেতরে কী ক্ষতি হচ্ছে, সে প্রশ্ন খুব কমই করি আমরা। সাম্প্রতিক এক গবেষণা বলছে, এই অভ্যাসই ভবিষ্যতে বড় ঝুঁকির কারণ হতে পারে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত আল্ট্রা-প্রসেসড খাবার খেলে কোলন পলিপসের ঝুঁকি বাড়ে, যা সময়ের সঙ্গে কোলন ক্যানসারে রূপ নিতে পারে। স্ট্যানফোর্ড ও ইউসিএলএ-তে প্রশিক্ষণপ্রাপ্ত গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডা. ওয়েন্ডি লেব্রেট বলেন, এসব খাবার যতটা সম্ভব খাদ্যতালিকা থেকে কমিয়ে আনা উচিত।

কেন আল্ট্রা-প্রসেসড খাবার ঝুঁকিপূর্ণ

২০২৫ সালে প্রকাশিত হার্ভার্ডের ওই গবেষণায় দেখা যায়, বিশেষ করে ৫০ বছরের কম বয়সী নারীদের ক্ষেত্রে অতিরিক্ত আল্ট্রা-প্রসেসড খাবার খাওয়ার সঙ্গে কোলন পলিপসের ঝুঁকি প্রায় ৪৫ শতাংশ পর্যন্ত বেশি। গবেষণার নেতৃত্ব দেন ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল ও হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষক অ্যান্ড্রু টি. চ্যান।

বিশেষজ্ঞদের মতে, এসব খাবারে অতিরিক্ত চিনি, লবণ, ক্ষতিকর চর্বি ও কৃত্রিম উপাদান থাকে, যা অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে। দীর্ঘদিন এ ধরনের খাবার খেলে অন্ত্রে প্রদাহ তৈরি হয়, ধীরে ধীরে যা ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।

যেসব খাবার সীমিত বা এড়িয়ে চলা ভালো

গবেষণার আলোকে যে খাবারগুলো কোলন ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে, সেগুলোর মধ্যে রয়েছে—

  • প্যাকেটজাত বিস্কুট ও কেক
  • ক্যান্ডি, চকলেট বার
  • অতিরিক্ত চিনি দেওয়া ব্রেকফাস্ট সিরিয়াল
  • আইসক্রিম
  • চিপস ও পাফড স্ন্যাকস
  • ইনস্ট্যান্ট নুডলস বা র‍্যামেন
  • প্যাকেটজাত সাদা পাউরুটি
  • ফ্রোজেন ওয়াফল ও প্যানকেক
  • চিকেন নাগেটস ও হট ডগ
  • প্রিজারভেটিভযুক্ত ডেলি মিট
  • ফ্রোজেন রেডি-মিল
  • সফট ড্রিংক ও এনার্জি ড্রিংক
  • প্রোটিন বার ও গ্র্যানোলা বার
  • প্রসেসড চিজ স্লাইস

দেখতে নিরীহ বা সুবিধাজনক মনে হলেও এসব খাবার দীর্ঘমেয়াদে অন্ত্রের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

সচেতনতা এখনই জরুরি

বিশেষজ্ঞরা বলছেন, কোলন ক্যানসার হঠাৎ করে হয় না। এটি ধীরে ধীরে গড়ে ওঠে আমাদের জীবনযাপন ও খাদ্যাভ্যাসের ফল হিসেবে। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, শাকসবজি ও আঁশযুক্ত খাবার বেশি খাওয়ার পাশাপাশি আল্ট্রা-প্রসেসড খাবার কমানো হতে পারে বড় একটি প্রতিরোধমূলক পদক্ষেপ।

আজ যে চিপস বা সোডা আপনাকে সাময়িক আনন্দ দিচ্ছে, ভবিষ্যতে সেটিই হয়ে উঠতে পারে বড় স্বাস্থ্যঝুঁকির কারণ—এই বাস্তবতা মাথায় রেখেই খাবারের তালিকা সাজানো জরুরি।