স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সবাইকে গুলিবিদ্ধ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, খাস দিলে দোয়া করলে হাদি অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা জাহাঙ্গীর আলম এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা সবাই আমাদের ছোট ভাই ওসমান হাদির জন্য দোয়া করবেন। যেন তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আগামীকাল জুমার নামাজের পরও দোয়া করবেন। খাস দিলে দোয়া করবেন।
উপদেষ্টা আরও বলেন, অন্য ধর্মাবলম্বীরাও তার জন্য দোয়া করবেন। আমাদের দোয়াই এখন তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। যদি সবাই খাস দিলে দোয়া করেন, তিনি অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবেন।
এর আগে গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম ওসমান হাদির হত্যাচেষ্টার সঙ্গে জড়িতদের গ্রেফতারসহ তিন দফা দাবি না মানা হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন। যদিও সাংবাদিকরা হাদির গ্রেফতারের অগ্রগতি ও পদত্যাগের বিষয়ে প্রশ্ন করলেও স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো মন্তব্য করেননি।
ওসমান হাদি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী। গত শুক্রবার মতিঝিল এলাকায় প্রচারের পর ফেরার পথে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা তাকে গুলি করে। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং রাতে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন।


