ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাদির মৃত্যুতে সকালেও শাহবাগ বিক্ষোভে উত্তাল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৮:৩৬ এএম
রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ছাত্র-জনতা। ছবি- সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টা থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ছাত্র-জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টাতেও শাহবাগ মোড়ে একই চিত্র দেখা গেছে।

সরেজমিন দেখা যায়, রাতের তুলনায় সকালে বিক্ষোভকারীর সংখ্যা কিছুটা কম হলেও শাহবাগ মোড় অবরোধ অব্যাহত রয়েছে। এ সময় মাইকে আজান দিয়ে বিক্ষোভস্থলেই ফজরের নামাজ আদায় করতে দেখা যায় আন্দোলনকারীদের।

বিক্ষোভ চলাকালে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ। স্লোগানগুলোর মধ্যে ছিল ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘লীগ ধর, জেলে ভর’।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চত্বর ও রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে একটি মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। শাহবাগের এই বিক্ষোভে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরাও অংশ নেন।

এদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাত ১২টা ৫৫ মিনিটে ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক জায়মা ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, তিনি ভবনের ভেতরে আটকা পড়েছেন এবং ধোঁয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় তাদের নিরাপদে উদ্ধার করা হয়।

শহীদ ওসমান হাদির মৃত্যুর পর বৃহস্পতিবার রাতেই জাতির উদ্দেশে ভাষণ দেন মুহাম্মদ ইউনূস। ভাষণে তিনি আগামী শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। পাশাপাশি সরকার হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্তের কথাও জানান।