ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান ডিএমপি কমিশনারের

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ১০:১৩ এএম
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি- সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরের পর রাজধানীতে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় আন্দোলনকারীদের ধৈর্য রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ১৮ মিনিটে গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডিএমপি কমিশনার বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের সদস্যরা মাঠ পর্যায়ে অবস্থান করছেন এবং জনগণকে সহমর্মিতা ও শান্তি বজায় রাখার জন্য সচেতন করতে কাজ করছি।

তিনি আরও বলেন, আমি আন্দোলনকারীদের বিশেষভাবে ধৈর্য ধরার আহ্বান জানাই। এই হত্যাকাণ্ডের প্রতিটি দিক সঠিকভাবে তদন্ত করা হবে। নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনা হবে।

শরিফ ওসমান হাদি গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর খবর রাজধানীতে পৌঁছার সঙ্গে সঙ্গে কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছু স্থানে বিক্ষোভ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এর আগে ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে অংশ নেওয়ার সময় চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে সিঙ্গাপুর পাঠানো হয়।

ডিএমপি কমিশনার এ ঘটনায় সাধারণ জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করছে এবং কোনো ধরনের সহিংসতা সহ্য করা হবে না।

রাজধানীতে গতকাল রাতের উত্তেজনার পর পুলিশ মাঠ পর্যায়ে অবস্থান জোরদার করেছে। বিক্ষোভ ও অগ্নিসংযোগে যুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।