বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত এক মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল। আজও তার ছোট একটি প্রসিকিউর অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির চেয়ারপারসনের সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এসব কথা জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, করোনারি কেয়ার ইউনিটের আইসিইউ সুবিধা সংবলিত কেবিনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। অর্থাৎ তিনি সিসিইউতে থাকলেও সেখানে আইসিইউর সব সুবিধা আছে। এটাকে আইসিইউতে আছেন বলা যেতে পারে।
তিনি আরও বলেন, ‘ওনার শারীরিক অবস্থার অবনতি ঘটেনি।’ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ দল এবং পরিবারের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনের জন্য দেশবাসীর দোয়া কামনা করেন ডা. জাহিদ।

