বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন। এর আগে গত ৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় এসেছিলেন ডা. জোবাইদা রহমান।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি।
৫ ডিসেম্বর দেশে পৌঁছেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। খালেদা জিয়ার চিকিৎসা ও পারিবারিক দেখভালের জন্যই মূলত তিনি ওই সময় দেশে এসেছিলেন।
এদিকে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, গত এক মাসের মধ্যে এখন খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল।
জানা গেছে, ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার অংশ হিসেবে এরই মধ্যে তিনি ট্রাভেল পাস সংগ্রহ করেছেন। পরিবারের তিন সদস্যসহ মোট ছয়জনের জন্য বিমানের টিকিটও কেটেছেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তারেক রহমান দেশে ফিরছেন। ২৪ ডিসেম্বর তিনি দেশের উদ্দেশে রওনা করবেন এবং বিমানটি ঢাকায় অবতরণ করবে পরদিন (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে।

